‘১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে’ — মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা'

 

নির্বাচন '১২ ফেব্রুয়ারিই হবে' মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা...


মঙ্গলবার রাতে রাজধানীর যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক মার্কিন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যালবার্ট গম্বিস ও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মর্স ট্যান।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের কাছে পুনরায় স্পষ্ট অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাতে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক মার্কিন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যালবার্ট গম্বিস এবং অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মর্স ট্যান। বৈঠকে নির্বাচন নিয়ে চলমান নানা আলোচনা ও আন্তর্জাতিক আগ্রহের প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস সরকারের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি তারিখেই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো ধরনের পরিবর্তনের সুযোগ নেই। তিনি বলেন,

“কে কী বলল, তা বিবেচ্য নয়। নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে—এর এক দিন আগে বা পরে নয়।”

এ সময় নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া খবর ছড়ানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে জনমনে অনিশ্চয়তা তৈরির অপচেষ্টা করা হচ্ছে, তবে সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে।

মার্কিন কূটনীতিকদের তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক প্রস্তুতি এবং নির্বাচন ব্যবস্থাপনায় কোনো ঘাটতি রাখা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

বৈঠকে মার্কিন প্রতিনিধিরা নির্বাচনের সময়সূচি ও পরিবেশ নিয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি মহলে যে নানা আলোচনা চলছে, তার মধ্যেই প্রধান উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পাচ্ছে।